বাহরাইন সরকার কর্তৃক অনুমোদিত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ কালচারাল অ্যান্ড সোশ্যাল সোসাইটির ২০২০-২১ সালের কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের বার্ষিক সাধারণ সভায় আসিফ আহমেদকে সভাপতি ও সবুজ মিলনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি ফুয়াদ তাহের শান্তনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর (শ্রমসচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী (সিআইপি) সফিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি আলাউদ্দিন নূর, ডা. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমদ, যুবলীগ বাহরাইন শাখার সভাপতি মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সামাজিক কর্মকাণ্ড, বিশেষ করে করোনাকালে সংগঠনটির ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন।
সংগঠনের ২০১৮-১৯ অর্থবছরের কার্যাবলি–সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন পড়ে শোনান বিগত কমিটির অর্থবিষয়ক সম্পাদক মাজহারুল হক।
মুছাদ্দিকুল ইসলাম ও ফাইজা আহমেদের প্রাণবন্ত উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই বীর মুক্তিযোদ্ধা, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
সভায় বাহরাইনে বাংলাদেশ কমিউনিটিতে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান, আগের কর্মপ্রতিবেদন ও আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্যরা হলেন সহসভাপতি মাজহারুল হকন, অর্থবিষয়ক সম্পাদক সৈয়দ সাজ্জাদুল ইসলাম নাদিম, সহসাধারণ সম্পাদক কাউসার আলম, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, ক্রীড়া সম্পাদক আইনুল হক, সমাজকল্যাণ সম্পাদক মোহন মিয়া মোমেন, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন, সদস্যসচিব আলতাফ মাহমুদ আকবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম গালিব, বিনোদনবিষয়ক সম্পাদক জহিরুল করিম।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য, বিশেষ করে করোনাকালে বাংলাদেশ সোসাইটির সঙ্গে সহযোগিতার জন্য বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন, বিএফসি, লিন্নাস মেডিকেল সেন্টার, বাংলাদেশ সোসাইটির ভলান্টিয়ারসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।






