বনানী কবরস্থানের কবরীকে সবুজ মাটিতে সমাহিত করা হলো

‘প্রতিমুহূর্তেই আমি আমার সামনে একটা নতুন পৃথিবী দেখতে পাচ্ছি। মানুষের জীবনে অনেক দরজা থাকে। তাঁর মধ্যে মৃত্যু হলো শেষ দরজা। মৃত্যুর কথা মনে হলে আমার চোখ জলেতে ভরে যায়। কবরী আর কোনো দিন ফিরে আসবে না, সামান্য একটু কথা বলতেও নয়। সবাইকে ছেড়ে চিরকালের জন্য চলে যেতে হবে, ভাবলেই ভয় লাগে। তাই মৃত্যুর আগপর্যন্ত মানুষের জন্য কাজ করতে চাই। যত দিন বাঁচব, মানুষের কাছে আপন হয়ে থাকতে চাই, মানুষের কাছাকাছি থাকতে চাই। আরও কিছু উদ্ভাবনের মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই।’
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত সারাহ বেগম কবরী। গতকাল শুক্রবার রাতে তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন, চলে গেলেন না ফেরার দেশে। তাঁর প্রস্থান অগণিত মানুষকে অশ্রুসিক্ত করেছে। আজ শনিবার দুপুরে বনানী কবরস্থানের সবুজ মাটিতে সমাহিত করা হলো তাঁকে।