‘ফেয়ার অ্যান্ড লাভলি’ নিয়ে ভারতকে তোপ স্যামির

বর্ণবাদ নিয়ে শুরু থেকেই সোচ্চার সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। আইপিএলে খেলার সময় তিনি বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন—কিছুদিন আগে শুধু এমন দাবিই করেননি, সেটার প্রমাণও দিয়েছেন। যা নিয়ে এক রকম ঝড় বয়ে গেছে ক্রিকেট বিশ্বে। এবার বর্ণবাদ নিয়ে স্যামি আবারও তির ছুড়লেন ভারতের দিকে। তাঁর কথা, ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ নামের প্রসাধনী দ্রব্যটি কীভাবে ভারতের মতো দেশে চার দশক ধরে ব্যবসা করে যাচ্ছে। এতেই তো বোঝা যায় সেখানে বর্ণবাদ ভালোভাবেই আছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড মৃত্যুর পর থেকেই বিশ্ব জুড়ে দানা বেঁধেছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। ‘ব্ল্যাক লাইভস ম্যাটারস’ নামে এই আন্দোলনে নেমে সরব হয়েছেন খেলোয়াড়েরাও। ক্রিকেটারদের মধ্যে স্যামিই সবচেয়ে বেশি সরব এই আন্দোলনে। এবার স্যামির ক্ষুব্ধ হওয়ার কারণ ভারতের রং ফরসাকারী ক্রিম ‘ফেয়ার অ্যান্ড লাভলি’।

বিখ্যাত প্রতিষ্ঠান ইউনিলিভারের একটি পণ্য ফেয়ার অ্যান্ড লাভলি। শুধু ভারতেই নয়, ইউনিলিভার উপমহাদেশের প্রায় সব দেশেই এই ফেয়ার অ্যান্ড লাভলি দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছে। স্যামি বুঝতে পারছেন না, ভারতে এই পণ্যটি কীভাবে চল্লিশ বছর ধরে চলছে, ‘তোমাদের দেশে রং ফরসা করা ক্রিমের নাম “ফেয়ার অ্যান্ড লাভলি” যদিও তোমাদের দেশে নানান বৈচিত্র্যের রঙের মানুষ বসবাস করে। এই ক্রিমটা বলছে তারাই সুন্দর যারা ফরসা। এটাই তো বর্ণবাদ।’

স্যামি কিছুদিন আগে বলেছিলেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় তাঁর ভারতীয় সতীর্থ ঈশান্ত শর্মা তাঁকে ‘কালু’ বলে ডাকতেন। প্রথমে তিনি ব্যাপারটা না বুঝলেও একপর্যায়ে বুঝতে পারেন, তিনি কৃষ্ণাঙ্গ হওয়ার কারণেই ঈশান্ত তাঁকে ওই নামে ডাকতেন।

জর্জর ফ্লয়েডের মৃত্যুর পর ‘ব্ল্যাক লাইভস ম্যাটারস’ আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা। এ মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তাদের জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটারস’ লেখা নিয়ে মাঠে নামবে।