নায়ক আর নায়িকা—সিনেমাজগতে এই দুজনকে ঘিরে ঘুরে বেড়াবে নানা ধরনের ধোঁয়া–ওঠা গুঞ্জন, হবে ফিসফাস, সময়ে–অসময়ে জ্বলে উঠবে ক্যামেরার ফ্ল্যাশ। তাঁদের প্রশ্ন করা হবে, আপনারা কি প্রেম করছেন? কী সম্পর্ক আপনাদের? কতটা গভীর আপনাদের রসায়ন? সবকিছুর জবাবেই তাঁরা বলবেন, ‘উই আর জাস্ট ফ্রেন্ডস!’ (আমরা শুধুই বন্ধু)।
এমনটা হওয়াই স্বাভাবিক। এমনটাই হয়ে আসছে প্রজন্ম থেকে প্রজন্ম। তাহলে কি একই গল্প সিয়াম আহমেদ–পূজা চেরির বেলায়ও ঘটবে? নাকি শোবিজের গতানুগতিক নায়ক–নায়িকার জুটি বাঁধা মানেই প্রেম—এই ধারণাকে ভেঙে দেবেন তাঁরা? এ কথা সময় বলে দেওয়ার আগে আমরা বরং সিয়াম–পূজার কাছ থেকে জেনে নিই তাঁদের প্রেম ও প্রেমের গুজববিষয়ক ভাবনা।






