আসছে ২৭ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পুর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত লাইমহাউজ ও পপলার সংসদীয় আসনের লেবার পার্টির প্রার্থী নির্বাচন । বিকেল ৪ টায় সেন্ট পলস ওয়ের সেন্ট পলস চার্চে (E3 4AR) প্রায় ১৩০০ পার্টি মেম্বার তাদের ভোটাধিকার প্রয়োগ করে এ আসনে নতুন প্রার্থী নির্বাচন করবেন।
হ্যাদার পেটো প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়ালে লাইমহাউজ-পপলার আসনে এমপি প্রার্থী হিসেবে চুড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় আছেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের এডাল্ট হেল্থ এন্ড ওয়েলবিইং কেবিনেট মেম্বার কাউন্সিলার আমিনা আলী, পপলার লাইমহাউজ সিএলপির সাবেক সেক্রেটারী ও বর্তমান ভাইস চেয়ার আফসানা বেগম।
লেবার পার্টির সেইফ সিট হিসেবে খ্যাত পপলার লাইমহাউজ আসনের বর্তমান এমপি টানা ২৩ বছর দ্বায়িত্ব পালনের পর আসন্ন নির্বাচনে অংশ না নিয়ে অবসরে যাওয়ার ঘোষণা দেন। তার এই ঘোষণার পর অনেকে আগামী নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু তাতে বাধ সাধে কেন্দ্রের কথিত অগণতান্ত্রিক সিদ্ধান্ত। লেবার পার্টির ন্যাশনাল এক্সেকিউটিভ কমিটি এই আসনকে (WOS) শুধুমাত্র মহিলাদের জন্য নির্দিষ্ট করে দেয়। স্থানীয় নেতা কর্মিদের মতামত না নিয়ে গৃহিত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে পপলার লাইমহাউজ লেবার পার্টির নেতাকর্মীরা প্রতিবাদ সভা করে কেন্দ্রে মোশন পাঠায়, কিন্তু তাতে কোন কাজ হয়নি।
এবারের প্রার্থী নির্বাচন দলের মেম্বারদের পাশাপাশি কমিউনিটি সহ পুরো ইস্ট লন্ডনে উত্তাপ ছড়াচ্ছে, বাংলা মিডিয়া ও সাংবাদিকবৃন্দ সর্বক্ষণ চোখ রাখছেন নির্বাচনের দিকে। কেউ কেউ আশাবাদী আরো একজন বাঙ্গালী এমপি পাবার আশায়। অবস্থা দৃষ্টে মনে হয় কমিউনিটির গুণীজন যতটা রাজনীতি সচেতন রাজনৈতিক কর্মিরা ততটা নন। তবে লেবার পার্টির চাপিয়ে দেয়া শুধু মহিলা প্রার্থীদের সুযোগ দিয়ে পুরুষদের বঞ্চিত করে সমান অধিকার হরণের ব্যাপারে কমিউনিটির প্রতিবাদী কণ্ঠ ও সচেতনতা চোখে পড়ার মতো নয়। অথচ এই আসনে ১৯৯৭ সাল থেকে জিম ফিজপেট্রিক এমপি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এদিকে লেবার পার্টির অধিকাংশ সদস্যরা ফুসছেন অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে অপরদিকে কমিউনিটি আশায় বুক বাধছে বিশেষত বাংলাদেশীরা আরেকজন বাঙালি এমপি পাবে বলে। আর এবারের এই এমপি প্রার্থী নির্বাচনে এর প্রতিফলন ঘটবে এটাই স্বাভাবিক। টাওয়ার হামলেটসের পপলার লাইম হাউজ নির্বাচনী এলাকায় চলছে অবিরাম প্রচারণা, মেম্বারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। বার বার যোগাযোগ করেছেন টেলিফোনের মাধ্যমে। সর্বশেষ পর্যবেক্ষণে কাউন্সিলার আমিনা আলী এগিয়ে থাকলেও ভোটের দিন পর্যন্ত আফসানা বেগম বিজয়ী হতে লড়াই অব্যাহত রাখবেন।
পর্যবেক্ষণ আর জরিপ যাইহোক শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ২৭ অক্টোবর রবিবারের ইলেকশনের ফলাফলের উপর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে প্রার্থী হবেন, দল ও কমিউনিটির উচিৎ হবে ঐক্যবদ্ধ হয়ে সকল ধরনের বর্ণ বৈষম্যের উর্ধে উঠে কমিউনিটির কল্যাণে কাজ করা।






