‘পতি ধর্ম’ পালন করতে স্ত্রীর হয়ে প্রচারণা!

গত মাসেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। কিছুদিন পর নতুন দল সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন তাঁর স্ত্রী পুনম সিনহাও। এবার স্ত্রীর হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন এই অভিনেতা-রাজনীতিবিদ। এই বিতর্কের জবাবে তিনি বলেছেন, পতি ধর্ম পালন করতেই স্ত্রীর হয়ে প্রচারণা চালিয়েছেন তিনি!

শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা চলমান লোকসভা নির্বাচনে লক্ষ্ণৌ থেকে সমাজবাদী পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানেই স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি।

স্ত্রীর হয়ে প্রচারণা চালিয়ে কোনো অন্যায় করেননি, এমন দাবি করে শত্রুঘ্ন বলেছেন, ‘আমি বুঝতে পারছি না কেন অযথা এই বিতর্ককে উসকে দেওয়া হচ্ছে। গত মাসে কংগ্রেসে যোগ দেওয়ার সময়ই আমি পার্টির নেতাদের জানিয়ে রেখেছিলাম, স্ত্রীর হয়ে নির্বাচনী প্রচারণা চালাব আমি। আমার দলও তাতে সম্মতি জানিয়েছিল।’

লক্ষ্ণৌতে পুনম সিনহার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আচার্য প্রমোদ কৃষ্ণাম এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এই প্রতিবাদের জবাবে শত্রুঘ্ন বলেছেন, ‘দলের উচ্চপর্যায়ের কোনো নেতা আমার সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলেননি। কারণ, তাঁরা পুরো বিষয়টিই জানেন।’

শুধু তা–ই নয়, আগামী সোমবার পুনমের আসনে নির্বাচন শেষ হওয়ার পর পুনমও তাঁর স্বামী শত্রুঘ্নের হয়ে নির্বাচনী প্রচারণা চালাবেন, এমনটাও নাকি ঠিক হয়ে আছে! শত্রুঘ্ন সিনহা নিজেই জানিয়েছেন সেই তথ্য, ‘পুনমের দল সমাজবাদী পার্টিও জানে, লক্ষ্ণৌতে নির্বাচন শেষ হওয়ার পর পুনমও আমার হয়ে প্রচারণা চালাবে এবং এ বিষয়ে তাদের কোনো আপত্তিও নেই। আমার কাছে পরিবারই সব সময় প্রাধান্য পায়।’

এরপরই তিনি বলেছেন, ‘লক্ষ্ণৌতে পুনমের হয়ে প্রচারণা চালিয়ে আমি আমার পতি ধর্ম পালন করেছি। একইভাবে আমার হয়ে পাটনায় প্রচারণা চালিয়ে পুনমও তাঁর পত্নী ধর্ম পালন করবে।’

বিহারের পাটনা সাহিব আসন থেকে ২০০৯ ও ২০১৪ দুই মেয়াদে সাংসদ নির্বাচিত হওয়া শত্রুঘ্ন এবারও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এবার আর পুরোনো দল বিজেপি থেকে নয়, বরং কংগ্রেস থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি।

LEAVE A REPLY