ব্রেক্সিট নিয়ে সৃষ্ট সংকটের কারণে নিজ দলের মধ্যেই রোষানলে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দিতে নানা তোড়জোড়ের মধ্যেই আজ সোমবার তিনি মন্ত্রিসভার বৈঠক করেন। এর আগে গত রোববার সন্ধ্যায় দলের বিদ্রোহীদের নিয়ে প্রধানমন্ত্রী রুদ্ধদ্বার বৈঠক করেন মে। তবে এসব বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো সমাধানের বার্তা মেলেনি।
গত রোববার খবর বের হয়, প্রধানমন্ত্রীর পদ থেকে থেরেসা মেকে সরিয়ে দিতে মন্ত্রিসভায় তোড়জোড় চলছে। এদিন সন্ধ্যায় ব্রেক্সিট চুক্তির কট্টর সমালোচকদের অন্যতম বরিস জনসন, ইয়ান ডানকান স্মিথ, ডেভিড ডেভিস এবং জেকব রিস মগকে সাথে নিয়ে কান্ট্রি হাউস চেকার্সে জরুরি বৈঠক করেন মে। বৈঠকের বিস্তারিত জানা যায়নি, তবে বিরোধের কোনো সমাধান হয়েছে বলেও ইঙ্গিত নেই।
এর আগে পরিস্থিতি সামাল দিতে দলের প্রভাবশালী সদস্যরা গণমাধ্যমে হাজির হয়ে বলেন, এখন নেতৃত্ব বদলের উপযুক্ত সময় নয়। কট্টর ব্রেক্সিটপন্থী ইয়ান ডানকান স্মিথ বিবিসিকে বলেন, মন্ত্রীসভার যেসব সদস্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধাচারণ করছেন তাঁদের পদত্যাগ করা উচিত।
তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সমঝোতায় প্রধানমন্ত্রী মে’র ভূমিকা নিয়েও সমালোচনা করেন। ডানকান স্মিথ বলেন, ‘সর্বশেষ প্রধানমন্ত্রী ৩০ জুন পর্যন্ত বিচ্ছেদের সময় পেছানোর দাবি করেছেন। কিন্তু সময় পেছানো হলো ১২ এপ্রিল পর্যন্ত। এটা আমাদের জন্য জাতীয় অবমাননা।’ প্রধানমন্ত্রীর এটা মেনে নেয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।






