একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে ‘ভোট ডাকাতি’ ও ‘কারচুপির’ অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছে বিএনপির সাত প্রার্থী এবং গণফোরামের কয়েকজন প্রার্থী।
গতকাল মঙ্গলবার হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির পাঁচজন। এরা হলেন বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসনের শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজারের-৩ আসনের নাসের রহমান, মুন্সিগঞ্জ-৩ আসন থেকে আবদুল হাই, ভোলা-২ আসন থেকে মো. হাফিজ ইব্রাহিম। এ ছাড়া গত সোমবার মামলা করেছেন ঝিনাইদহ-৪ থেকে সাইফুল ইসলাম ফিরোজ এবং টাঙ্গাইল-৭ থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকী।
আজ বুধবার আরও পাঁচজনের মামলা করার কথা রয়েছে। এঁরা হলেন মানিকগঞ্জ-২ থেকে মঈনুল ইসলাম খান, নরসিংদী-৫ থেকে আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ- ২ থেকে নজরুল ইসলাম আজাদ, ঢাকা-৫ থেকে নবী উল্যাহ নবী এবং ঢাকা-২ থেকে ইরফান ইবনে আমান।
এই ১২ জনেরই আইনজীবী মো. রুহুল কুদ্দুস। তিনি প্রথম আলোকে বলেন ‘আমি মূলত ঢাকা বিভাগের মামলাগুলো দেখছি। তবে এর বাইরেও কেউ কারও কারওটা দেখছি। এই মামলাগুলোয় আমরা সুনির্দিষ্ট কিছু বিষয় উল্লেখ করেছি। আমরা ডকুমেন্টেশন কোর্টে দেখাতে সক্ষম হয়েছি যে নির্বাচনের নামে যা হয়েছে সেটাকে নির্বাচন বলা যাবে না।’
মো. রুহুল কুদ্দুস জানান, মামলায় ভোটের আগে-পরে হামলা, গায়েবি মামলাসহ ভোটে বিদেশি পর্যবেক্ষকদের যে চিত্র তুলে ধরেছেন সেগুলো উল্লেখ করা হয়েছে। এবং সুনির্দিষ্ট আসনে কী হয়েছে, সেটাও উল্লেখ করা হয়েছে।






