নাটকে দেশভাগের যন্ত্রণা

গল্পটা দেশভাগের। মাতৃত্ব ও ভূমিহারার পরিচয়সংকট আর যন্ত্রণার ইতিবৃত্ত। রঙ্গাশ্রম বহরমপুরের নতুন নাটক সন্দীপ ভট্টাচার্যের ‘আমার মুখের আঁচলখানি’ এমনই এক নাটক, যার বিষয়বস্তু আন্তর্জাতিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট, এক শিল্পীর জীবন ও শিল্পের ক্রন্দন। আর ‘আমার মুখের আঁচলখানি’ হলো দেশভাগের ফলে মরতে মরতে বেঁচে ওঠা এক নারী ও অভিনেত্রীর জীবন, যিনি দেশভাগের শিকার।

‘আমার মুখের আঁচলখানি’ নাটকটি মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যায়। বটতলার আন্তর্জাতিক নাট্যোৎসব ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’ দ্বিতীয় দিনের আয়োজনে মঞ্চস্থ হয় নাটকটি। ভারতের বহরমপুরের নাটকের দল রঙ্গাশ্রমের পরিবেশনায় নাটক ‘আমার মুখের আঁচলখানি’। নাটকটি নির্দেশনা দিয়েছেন সন্দীপ ভট্টাচার্য। নাট্যকার মহেশ দত্তানির ‘হোয়্যার ডিড আই লিভ মাই পুরদা’র বাংলায় নাট্যরূপ দেন অংশুমান ভৌমিক। ‘আমার মুখের আঁচলখানি’ শিরোনামটি রবীন্দ্রনাথের গান থেকে নেওয়া।

‘নৃশংস নৈঃশব্দ্য ভেঙে সুনন্দ সাহস জাগুক প্রাণে প্রাণে’ স্লোগান নিয়ে গত শুক্রবার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শুরু হয়েছে বটতলা রঙ্গমেলা ২০১৯। গতকাল রঙ্গমেলার দ্বিতীয় দিন। এদিন সন্ধ্যা ছয়টায় নাদিম মঞ্চে চট্টগ্রামের গানের দল ‘ক্ষ্যাপা বাউল’-এর পরিবেশনায় ছিল ‘সহজ গানের সন্ধ্যা’ শীর্ষক আসর। এরপর রঙ্গমঞ্চে সন্ধ্যা সাতটায় বিভাগীয় সম্মাননা দেওয়া হয়। বিভাগীয় সম্মাননার সম্মাননা প্রদান করা হয়েছে বরিশাল বিভাগের খান দেলোয়ার হোসেনকে। তাঁর হাতে সম্মাননা পদক তুলে দেন নাট্যজন ইনামুল হক।

LEAVE A REPLY