করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলছে কঠোর বিধিনিষেধ। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। কোনোভাবেই সমবেত হওয়া যাবে না। এসব নির্দেশ অমান্য করলেই দেওয়া হবে শাস্তি। কিন্তু এসব নির্দেশ অমান্য করে বরিশাল শহরে দলে দলে মানুষ ঘর থেকে বের হচ্ছে। চায়ের দোকানে সমবেত হচ্ছে। বাজারগুলোতে ভিড়। এতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বরিশাল নগরের বিভিন্ন এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
বিধিনিষেধের প্রথম দুই দিন ফাঁকা থাকলেও নগরের প্রধান প্রধান সড়কে আজ স্বাভাবিক সময়ের মতো যানবাহন চলাচল করেছে। সড়কে অনেক মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করেছে। পাড়া-মহল্লা আর অলিগলির চায়ের দোকানগুলোতে মানুষের জটলা থাকলেও শপিং মল, বেশির ভাগ দোকান বন্ধ ছিল। কঠোর বিধিনিষেধ কার্যকর এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে মানুষ নানা অজুহাতে বাইরে বের হচ্ছে।
রোববার সকালে বরিশাল নগরের বিভিন্ন সড়কে বিপুলসংখ্যক মানুষ দেখা গেছে। সকালের দিকে নগরের নতুন বাজার, বটতলা, বাংলাবাজার, পোর্টরোড, সাগরদি বাজার, চৌমাথা এলাকার কাঁচাবাজারগুলোতে ক্রেতাদের ভিড়। তাঁরা একে অপরের গা ঘেঁষে স্বাস্থ্যবিধি ছাড়াই কেনাকাটা করছেন। কিছু মানুষ মাস্ক ব্যবহার করলেও বেশির ভাগ মানুষের মাস্ক ছিল থুতনির নিচে কিংবা পকেটে। শারীরিক দূরত্বের কোনো বালাই ছিল না।






