দুই পুলিশের ইয়াবা আত্মসাৎ

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছিলেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। পরে ইয়াবা রেখে ওই পাচারকারীকে ছেড়ে দেন তিনি। কিন্তু উদ্ধার করা ইয়াবা থানায় জমা দেননি। বিষয়টি পুলিশ বিভাগে জানাজানি হলে বৃহস্পতিবার এসআই সাইফুল ইসলাম ও এক কনস্টেবলকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার করা কনস্টেবলের নামও সাইফুল ইসলাম।

ঘটনাটি গত বুধবার রাতের হলেও বিষয়টি থানা-পুলিশ গোপন রেখেছিল। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেছেন, জড়িত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হচ্ছে।