নিজের বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে সর্বোচ্চ নীরবতা বজায় রেখেছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তাই বলে বিয়ের কাজ থেমে নেই। এরই মধ্যে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ের জন্য দুটি তারিখ জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ১০ বা ১৮ নভেম্বর বিয়ে করছেন বলিউডের এই তারকা জুটি। তবে বেশি শোনা যাচ্ছে ১০ নভেম্বর তারিখটি।
বলিউড তারকা রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে কোথায় হবে? শোনা যাচ্ছে, রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন নাকি দেশের বাইরে বিয়ের পরিকল্পনা করছেন। রণবীর সিং সুইজারল্যান্ড পর্যটনের শুভেচ্ছা দূত। সুইজারল্যান্ডের সরকার চাচ্ছে, বলিউডের এই আলোচিত বিয়েটা যেন তাদের দেশে হয়। কিন্তু এই তারকা জুটি কী ভাবছেন? তাঁদের সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে সংবাদমাধ্যম জানতে পেরেছে, এই তারকা জুটি বিয়ের জন্য ইতালিকে বেছে নিচ্ছেন। এরই মধ্যে নাকি সেখানে হোটেল বুক করা হয়েছে। ওয়েডিং প্ল্যানার বুক করা হয়েছে। দীপিকার বাবা সবকিছু ঠিক করতে ইতালি চলে গেছেন। দীপিকা আর রণবীর যেমন প্রস্তুতি নিয়ে কিছুই বলছেন না, ঠিক তেমনি তাঁরা বিয়ের ব্যাপারেও শতভাগ গোপনীয়তা রক্ষা করতে চান। এই দুই তারকা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।






