থানায় ঝুলন্ত লাশ ও আইজিপির পরামর্শ

দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. জাবেদ পাটোয়ারী। ইউনিট কমান্ডারদের কাছে পাঠানো বার্তায় তিনি বলেছেন, ‘জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং, মোবাইল ফোনসহ আবশ্যক সব জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন। দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখুন।’

বিভিন্ন পত্রিকায় কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়াবাড়ির খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এ নিয়ে সমালোচনামুখর। আইজিপি পুলিশকে পেশাগত দায়িত্ব পালনে সহিষ্ণু ও বিনয়ী হতে বলেছেন। কিন্তু মাঠপর্যায়ের কর্মকর্তারা তা বিবেচনায় নিচ্ছেন বলে মনে হয় না।

সাধারণ মানুষ আইনবিরুদ্ধ কিছু করলে সেটি অসচেতনতা বা অজ্ঞতা বলে চালিয়ে দেওয়া যায়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি আইনবিরুদ্ধ কাজ করেন, তাহলে মানুষের যাওয়ার কোনো জায়গা থাকে না।