কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী তিন তরুণ নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২), বাজারপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে তারেকুর রহমান (২২) ও তাঁর ছোট ভাই তানজিলুর রহমান (১৯)। আমজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারেকুর চট্টগ্রামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা শেষে করেছেন। আর তানজিলুর বান্দরবান সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজনের ভাষ্যমতে, দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নলবিলা এলাকায় পৌঁছায়। এ সময় একটি মোটরসাইকেল পাশের শাপলাবিল সড়ক থেকে মহাসড়কে উঠছিল। তিন আরোহীসহ ওই মোটরসাইকেলকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। মোটরসাইকেলের আরোহী তিনজনই গুরুতর আহত হন। তাঁদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে নেওয়া হয়। সেখানে আমজাদ ও তারেকুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত তানজিলুরকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
স্থানীয় লোকজন বলছেন, জিদ্দাবাজারের কাছাকাছি নলবিলা এলাকায় দৃষ্টিনন্দন শাপলাবিল রয়েছে। সেখানে যেতে মহাসড়ক থেকে একটি ছয় ফুট প্রস্থের গ্রাম্য সড়ক রয়েছে। ওই তিন তরুণ মোটরসাইকেল করে শাপলাবিলে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান তিনজনই।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান বিকেলে প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল ও কাভার্ডভ্যান এবং দুজনের লাশ পুলিশের হেফাজতে রয়েছে। অন্যজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ বাদী হয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।






