আন্তর্জাতিক ক্রিকেট কি ঘরোয়া, তাইজুল ইসলামের ঘূর্ণির মায়াজালের কাছে বশ মানতে হচ্ছে সবাইকেই। এই তো গত মাসেই চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়েছিলেন তাইজুল। আজ বিসিএলেও ৬ উইকেট পেয়েছেন বাঁহাতি এই স্পিনার। তাঁর ঘূর্ণিতেই সিলেটে চলমান বিসিএলের ষষ্ঠ রাউন্ডে প্রথম ইনিংসে ২২৪ রানে গুটিয়ে গিয়েছে বিসিবি মধ্যাঞ্চল। চট্টগ্রামে চলমান অন্য ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন বিসিবি দক্ষিণাঞ্চলের এনামুল হক বিজয় ও আল আমিন। ১৫৫ রানে অপরাজিত আছেন এনামুল। চার দিনের ম্যাচে আজ শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা।
পূর্বাঞ্চল-মধ্যাঞ্চল (ভেন্যু-সিলেট)
মাহমুদুল হাসানের ৯৪, মমিনুল হকের ৮২ ও ইমরুল কায়েসের ৭৮ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৪২৫ রান তোলে পূর্বাঞ্চল। জবাবে মধ্যাঞ্চল গুটিয়ে যায় ২২৪ রানে। ২০১ রানের লিড পেলেও প্রতিপক্ষকে ফলো অনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ২ রান করে কোনো উইকেট না হারিয়ে আজ দ্বিতীয় দিন শেষ করেছে পূর্বাঞ্চল।
৮ উইকেট হারিয়ে ৩৮০ রানে গতকাল প্রথম দিন শেষ করেছিল পূর্বাঞ্চল। আজ আবু জায়েদকে নিয়ে দিন শুরু করেছিলেন ৭৪ রানে অপরাজিত মাহমুদুল হাসান। সেঞ্চুরি থেকে তাঁকে ৬ রানের আক্ষেপে পোড়ান তাসকিন আহমেদ। ১৩৩ বলে ১১ চারে ৯৪ রানে আউট হন মাহমুদুল। একই ওভারে শূন্য রানে খালেদ আহমেদকে ফিরিয়ে পূর্বাঞ্চলের ইনিংসে সমাপ্তি টানেন জাতীয় দল থেকে ছিটকে যাওয়া তাসকিন। প্রথম ইনিংসে তাঁর উইকেট ৪টি।






