বাংলাদেশে প্রতিদিন গড়ে ৩০টি শিশু পানিতে ডুবে মারা যায়। সেই হিসাবে প্রতি বছর পানিতে ডুবে মারা যায় ১১ হাজার শিশু। পানি থেকে শিশুর জীবন বাঁচাতে সবচেয়ে বেশি জরুরি সাঁতার শেখানো। সাঁতারই পারে পানিতে ডুবে শিশুমৃত্যু ঠেকাতে। এ জন্য সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্ট লোকজন।
নিউইয়র্কভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্লুমবার্গ ফিলানথ্রপিসের অর্থায়নে ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইউনিট, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিআরবি) যৌথ গবেষণায় সাঁতার না জানায় মৃত্যুর পরিসংখ্যান উঠে আসে। ২০১২ সাল থেকে শুরু হওয়া এই গবেষণা শেষ হবে ২০২০ সালের জুন মাসে। গত এপ্রিল মাসে ঢাকায় সংবাদ সম্মেলন করে গবেষণার বিভিন্ন তথ্য–উপাত্ত তুলে ধরা হয়।






