অমিতাভ বচ্চন যেন এক পৌঢ় তরুণ। বলিউডের যেকোনো বয়সী নায়িকার বাসনা, অমিতাভ যদি তাঁর নায়ক হতেন, অন্তত পর্দায়! তাপসী পান্নুও সেই দলে। তবে তাপসী জানেন, বিতর্কিত কোনো গল্পেও সেই চেষ্টা করা যাবে না। অমিতাভের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা বা তাঁর নায়িকা হওয়া অযৌক্তিক এক ভাবনা। তাই আপাতত ভিন্ন মোড়কে তাঁর সঙ্গে অভিনয় করেই খুশি থাকতে হলো বলিউডের এই নতুন অভিনয়শিল্পীকে।
অমিতাভ বচ্চনের সঙ্গে তাপসী পান্নু
‘বদলা’ নামের নতুন একটি ছবি করেছেন অমিতাভ বচ্চন। শিগগিরই মুক্তি পাচ্ছে ছবিটি। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন ও তাপসী পান্নুকে। ‘পিঙ্ক’ ছবির পর আবারও এই কিংবদন্তির সঙ্গে কাজের সুযোগ পেলেন তাপসী। সেটাও কি কম রোমাঞ্চকর? এ নিয়ে তাপসী বললেন, ‘যেবার তাঁর সঙ্গে “পিঙ্ক”-এ অভিনয় করলাম, আমি তো ভয়েই অস্থির। অথচ দ্রুত সব ভয়ডর সরিয়ে কাজে নামতে হয়েছিল। আমার বয়সী কাউকে তাঁর নায়িকা হিসেবে কখনোই দেখা যাবে না, এমনকি বিতর্কিত কোনো গল্পেও না। তবু যে সুযোগটা পাওয়া গেছে, সেটাও কম নয়।’






