চুলের দিকে বাড়তি নজর দিতে হয় সবসময়ই। না হলে চুল পড়া, খুশকি-ফুসকুড়ির মতো ছত্রাক সংক্রমণের আশঙ্কা থাকে। বিশেষ করে, নিয়ম মেনে চুল ধোয়া ও শুকানোর কাজটা না হলে সমস্যা হবেই। চুল বিষয়ে কিছু পরামর্শ জানালেন হারমনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা ও হার্বস আয়ুর্বেদিক স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমি।
চুল ধোয়া
অনেক সময় গোসলের আগে বাইরে যাওয়া হয়। সে ক্ষেত্রে মাথার ত্বকে একটু ট্যালকম পাউডার দিয়ে চুল ভালো করে আঁচড়ে নিলে ত্বকের রন্ধ্রগুলো (ফলিকল) বন্ধ হয়ে থাকে। এতে বৃষ্টির পানিও মাথার ত্বকের মধ্যে প্রবেশ করে না। বৃষ্টির পানি পড়লেই চুল ধুয়ে ফেলতে হবে। চুল আবার বেশি বেশি ধোয়া হলে রুক্ষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। শ্যাম্পু করার পর এক মগ পানিতে একটু গোলাপজল মিশিয়ে চুল ধুয়ে নিলে এ সময় চুলে উৎকট কোনো গন্ধ থাকবে না।
চুল ধোয়ার আগে বেলি ফুলসমৃদ্ধ তেল মাথার ত্বকে মালিশ করে চুল ধুয়ে ফেললে ভ্যাপসা গন্ধ হবে না। সে ক্ষেত্রে বাজারের তেল ছাড়াও ঘরেই বানিয়ে নিতে পারেন বেলি ফুলের তেল। কয়েকটি তাজা বেলি ফুল নারকেল তেলের মধ্যে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট গরম করে তা ছেঁকে একটি বোতলে ভরে রেখে দিন। আর চাইলে এর মধ্যে এক চিমটি কর্পূর দিয়ে নিতে পারেন।
চুল সারা দিন ঝরঝরে রাখতে শ্যাম্পু করার সময় অবশ্যই এর সঙ্গে একটু লেবুর রস বা ভিনেগার মিশিয়ে নিতে হবে। চুলে প্রতিদিনই শ্যাম্পু করা ভালো, তাই মৃদু ক্ষারের অথবা হাতে বানানো বা প্রাকৃতিক শ্যাম্পু ব্যবহার করতে হবে।
কোনো কারণে ছত্রাকের সংক্রমণ হলে শ্যাম্পু করার সময় খেয়াল রাখতে হবে যেন নখের আঁচড় মাথার ত্বকে না লাগে। আর শ্যাম্পু করার সময় চুল ঘষাঘষি না করে মাথার ত্বক মালিশ করে শ্যাম্পু করতে হবে। চুল সামনের দিকে না এনে পেছনের দিক দিয়ে শ্যাম্পু করতে হবে এবং ঝরনা ব্যবহার করে শ্যাম্পু ধুয়ে ফেলতে হবে। এতে খুব সুন্দরভাবে শ্যাম্পু চুল ও স্কাল্প থেকে ঝরে যাবে। খুব ভালোভাবে লক্ষ রাখতে হবে, চুলে বা স্কাল্পে যেন শ্যাম্পু না লেগে থাকে।






