চীন সফরে গেছেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন আজ মঙ্গলবার বেইজিং গেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের এক সপ্তাহের মাথায় দুই দিনের সফরে চীন গেলেন কিম। চলতি বছর এটি কিমের তৃতীয় চীন সফর।

রয়টার্স বলছে, গত সপ্তাহে সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে কিম তাঁর এই সফরে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে অবহিত করতে পারেন।

এদিকে ওয়াশিংটন ও সিউল তাদের মধ্যকার একটি বড় ধরনের যৌথ সামরিক মহড়া স্থগিত করতে সম্মত হয়েছে।

আগামী আগস্টে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল। এখন উভয় দেশ ঘোষণা দিয়েছে, তারা এই মহড়া স্থগিত করবে।

কোরীয় উপদ্বীপে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে সিঙ্গাপুর বৈঠকে কিমের সঙ্গে কাজ করতে সম্মত হন ট্রাম্প। তিনি উত্তর কোরিয়াকে নিরাপত্তার নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে কোরীয় উপদ্বীপে ‘যুদ্ধের খেলা’ বন্ধের কথাও বলেছেন।

LEAVE A REPLY