নতুন করে বেড়েছে চালের দাম। বাজারে চাল কিনতে গেলে এখন কেজিতে অন্তত ৩ টাকা বেশি দিতে হবে। গত প্রায় চার মাসের ব্যবধানে এ নিয়ে চালের দাম দুই দফায় বেড়েছে। গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খুচরায় ২ টাকা বেড়ে মোটা চালের কেজি হয়েছিল ৪৬ টাকা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও বাবুবাজার-বাদামতলীর আড়তগুলোতে গিয়ে দেখা যায়, পাইকারিতেই মোটা চালের
কেজি ৪২ টাকা, বিআর-২৮ চাল ৪৭ টাকায় বিক্রি করা হচ্ছে। নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৬৬ টাকায়। তবে দামের দিক থেকে বেশি বেড়েছে মিনিকেটের। ৫৬ টাকা কেজি বিক্রি হওয়া মিনিকেটের দাম কেজিতে ৪ টাকা বেড়ে এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।