পরিবহন ধর্মঘটে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। তবে বন্দরের জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো স্বাভাবিক আছে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে আজ রোববার সকাল ছয়টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ধর্মঘট শুরু হওয়ার পর থেকে বন্দরমুখী কোনো গাড়ি ঢোকেনি। বেরও হয়নি।
বন্দর সচিব ওমর ফারুক আজ সকালে প্রথম আলোকে বলেন, বন্দরের অভ্যন্তরে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো হচ্ছে। বন্দর চত্বর থেকে পণ্য খালাস দেওয়ার জন্যও বন্দরের প্রস্তুতি আছে। তবে পণ্য পরিবহনকারী গাড়ি বন্দরে না আসায় পণ্য খালাস দেওয়া যাচ্ছে না।






