গোপালপুরে ভালোবাসায় সিক্ত কৃষ্ণা

এএফসি অনুর্ধ ১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারসহ জোৎস্না ও রুমার বাড়িতে বইছে আনন্দের বন্যা। দেশের মুখ উজ্জ্বল করা এসব মেয়েদের পরিবারে বইছে ঈদ ও দুর্গা পূজার অগ্রিম আনন্দ। প্রতিদিনই কোন না কোন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হচ্ছে তাদের। ইতিমধ্যে টাঙ্গাইল জেলা প্রশাসন ও গোপালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়েছে। দরিদ্র পরিবারের মেয়ে কৃষ্ণাকে নিয়ে এখন আনন্দের সীমা নেই সহপাঠী ও শিক্ষকদের। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার অজপাড়া পাথালিয়া গ্রামে জন্ম কৃষ্ণা রানীর। দরিদ্র পরিবার হওয়ায় ঠিকমতো লেখাপড়ার খরচও চালাতে পারে না তার বাবা-মা। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে স্কুল পর্যায়ে ভাল খেলায় শিক্ষকদের নজরে পড়লে স্থানীয় সুতি ভি এম উচ্চ বিদ্যালয়ে ভর্তি সুযোগ হয় তার। এখানে খেলাধুলার আর লেখাপড়া চলে একসঙ্গে। মেয়ের এমন সাফল্যে শুধু খুশিই নন, দেশের সর্বোচ্চ সফলতা এনে দিয়েছেন। ভবিষ্যতে আরও সফলতা কামনা করেছেন কৃষ্ণার মা ও গ্রামবাসী। অধিনায়ক কৃষ্ণা রানীর মা নমিতা রানী সরকার বলেন, গ্রামের মানুষ আগে কৃষ্ণা ফুটবল খেলত বলে আজেবাজে কথা বলত। আমারও খারাপ লাগত ছেলেদের খেলা কেন আমার মেয়ে খেলবে। এজন্য আমি একদিন ওর ফুটবল বটি দিয়ে কুপিয়ে কেটে ফেলেছিলাম। তারপরেও আমার মেয়ে দমে যায়নি। কিন্তু ওর সাফল্যে এখন আমি অনেক খুশি। গর্ব অনুভব করছি। এমন সাফল্যে সুতি ভিএম বিদ্যালয়েও আনন্দের সীমা নেই। স্কুলের এই মাঠেই প্রশিক্ষণ পেয়ে কৃষ্ণাসহ অন্যরা দেশের হয়ে লড়াই করে সফলতা ছিনিয়ে এনেছে। বয়সভিত্তিক খেলায় অধিনায়ক কৃষ্ণা ছাড়াও আরও পাঁচ ছাত্রী খেলার সুযোগ পেয়েছে।

LEAVE A REPLY