খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে

বাজারে ভোজ্যতেলের দাম বাড়ছেই। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম যেমন কিছুটা বেড়েছে, তেমনি বাড়তি খোলা সয়াবিন ও পাম তেলের দাম।

তেলের সঙ্গে চিনির দাম কেজিপ্রতি ২ টাকা বেড়ে ৬৫ টাকা হয়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। তবে কমেছে আলুর দাম। বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি। সবজির দাম বেশ কিছুদিন ধরেই কম। চাল ও পেঁয়াজের বাজারে কোনো হেরফের নেই।

ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর বাজার, রায়েরবাজার ও কারওয়ান বাজার ঘুরে গতকাল বৃহস্পতিবার দেখা যায়, রূপচাঁদা ব্র্যান্ডের ৫ লিটারের এক বোতল সয়াবিন তেল ৫৭৫-৫৯০, বসুন্ধরা ব্র্যান্ডের তেল ৫৭০-৫৮০ টাকা এবং পুষ্টি ও তীর ব্র্যান্ডের তেল ৫৫০-৫৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানিয়েছেন, এক সপ্তাহ আগের তুলনায় দাম ৫ লিটারে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। ব্র্যান্ডভেদে বোতলজাত সয়াবিন তেলের ১ লিটারের বোতলের দাম ১২৫ থেকে ১৩০ টাকা। এক সপ্তাহ আগে তা ১২০ থেকে ১২৫ টাকা ছিল বলে দাবি বিক্রেতাদের।