জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছেন, কিন্তু নিজের শিকড় কখনো আড়াল করার চেষ্টা করেননি মেসুত ওজিল। তুরস্কের বংশোদ্ভূত জার্মান হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ভালো সম্পর্ক তাঁর পেশাদার ক্যারিয়ারে আঁচড়ও ফেলেছে।
প্রায় এক বছর বসে থাকার পর মুক্তির পথ খুঁজতে সেই এরদোয়ানের দেশেই যাচ্ছেন ওজিল। আর্সেনালের স্কোয়াডে নাম না থাকা ওজিল অবশেষে ক্লাবকে বিদায় বলে দিচ্ছেন, যোগ দিচ্ছেন তুরস্কের ক্লাব ফেনারবাচেতে।
ওজিলের ফেনারবাচেতে যোগ দেওয়ার খবর অবশ্য আগেই এসেছে। কিন্তু আর্সেনালের সঙ্গে ওজিলের চুক্তি তো এখনো শেষই হয়নি। ফলে তুর্কি ক্লাব এখনো এ দলবদলের ঘোষণা দিতে পারছে না। আর্সেনাল এখনো এ ব্যাপারে কোনো কিছু নিশ্চিত করে জানায়নি। তবে ফেনারবাচে কোচ ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই তাঁর ক্লাবের জার্সিতে দেখা যাবে ৩২ বছর বয়সী জার্মান প্লে-মেকারকে।






