বিসিবি অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার ধ্বংস করছে—অভিযোগ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিযোগ তুলে ইমরুল ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালকদের দায়িত্ব থেকে সরে যেতে অনুরোধ করেছেন। গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আজ এ দাবি তুললেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার।
জাতীয় দলের হয়ে ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমরুল আজ এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে।’
এরপর তিনি বলেন, ‘সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয় না।’






