দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষিশিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা দুই মাস পিছিয়েছে। এ পরীক্ষা আগামী ২৯ মে হওয়ার কথা ছিল। সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে গতকাল সোমবার অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ–রেজিস্ট্রার মজনু মিয়া জানান, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে সমন্বয় করে এ তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ (চতুর্থ বিষয় বাদে) ৮.০ এবং পৃথকভাবে এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ–৩.৫ থাকতে হবে। পরীক্ষার সময় বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত। এই এক ঘণ্টায় এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।






