পনেরো বছরের মেয়ে রাইয়ানা (ছদ্মনাম)। ক্লাস টেনে পড়ে। আগে সে বাবা-মায়ের উপস্থিতিতে টেলিফোনে কথা বলত, এখন সে আলাদা ঘরে গিয়ে ফিসফিস করে কথা বলে। কী যেন একটা লুকোতে চায় বাবা–মায়ের কাছে। একদিন বাবা-মা আবিষ্কার করলেন, রাইয়ানা একটি ছেলেবন্ধুর সঙ্গে বেশি বেশি কথা বলছে, বাইরে তার সঙ্গে দেখা করছে। মা-বাবার মনে প্রশ্ন, ‘রাইয়ানা কি প্রেম করছে?’
কিশোরবেলায়, কিশোর-কিশোরীদের শারীরিক-মানসিক নানা ধরনের পরিবর্তন ঘটে। সামাজিক-আবেগীয় (সোশিও ইমোশনাল) বিকাশ হয়। হরমোন আর নিউরোট্রান্সমিটারের প্রভাব এবং শিশুবেলার জ্ঞানীয় বিকাশের (কগনিটিভ ডেভেলপমেন্ট) মিথস্ক্রিয়ায় তার মধ্যে আবেগের ঝড় তৈরি হয়। কখনো বিপরীত লিঙ্গের কারও প্রতি বিশেষ আকর্ষণ বোধ করতে পারে—কখনো কারও সাহচর্য তাদের ভালো লাগে, আবার কখনো কারও মধ্যে প্রেমের ভাবও উদয় হতে পারে। এটি কিশোর-কিশোরীর স্বতঃস্ফূর্ত বিকাশপ্রক্রিয়ার বৈশিষ্ট্য।






