কলকাতা চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখতে গিয়েছিলেন রিয়াজ, ফেরদৌস, অপু বিশ্বাস, তারিন ও জ্যোতিকা জ্যোতি। গতকাল রোববার বিকেল ৪টায় নন্দন-২ প্রেক্ষাগৃহে উপস্থিত হন তাঁরা। এ সময় স্বাগত জানিয়ে তাঁদের হাতে চলচ্চিত্র উৎসবের স্মারক তুলে দেন কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে নিযুক্ত প্রথম সচিব (প্রেস) মোফাখখারুল ইকবাল।
আজ সোমবার কলকাতায় শেষ হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় চলচ্চিত্র উৎসব। ১৫ ফেব্রুয়ারি বিকেলে কলকাতার সংস্কৃতিকেন্দ্র নন্দন-২ প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব, আইসিসিআর ভারতের মহাপরিচালক ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। বিশেষ অতিথি ছিলেন কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ।






