বাংলাদেশ কিছু মানুষের জন্য স্বর্গ, সন্দেহ নেই। মন্ত্রী, এমপি, সরকারের আশীর্বাদপুষ্ট কিছু ব্যবসায়ী, সরকারি দলের সঙ্গে যুক্ত নেতা-কর্মী, এমনকি সমর্থকদের জন্যও বাস্তবতা বোঝা কঠিন। আর তাই করোনা মহামারির সময় দাঁড়িয়েও এমন দাবি তাঁরা করতে পারেন। বাংলাদেশ ধনী রাষ্ট্র ছিল না কখনোই, কিন্তু করোনা যেভাবে অনেক মানুষকে পথে বসিয়েছে, তাতে গত দুই বছরে পাল্টে গেছে বহু চেনা চিত্র। সানেম, ব্র্যাক-পিপিআরসি’র হিসাব বলছে করোনার ধাক্কায় দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ।
এ বিষয়ে সংসদে প্রশ্ন তুলেছিলাম আমি, কিন্তু অর্থমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, বেসরকারি কোনো সংস্থার পরিসংখ্যানে আস্থা নেই তাঁর। এরপর আমি জানাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তথ্য। ২০২০ সালের জুন মাসের শেষের দিকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) জানিয়েছিল, ওই সময় পর্যন্ত দেশে ১ কোটি ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের কাতারে নতুন করে যুক্ত হয়েছে। এরপর আর তারা নতুন কোনো জরিপ করেনি, করলে তাদের হিসাবেও দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া মানুষের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণই দেখাত। মজার ব্যাপার, বিআইডিএস–এর তথ্য দিয়ে প্রশ্ন করার পরও কোনো সদুত্তর পাইনি আমি। মন্ত্রীরা মেঠো বক্তৃতার যতটা দক্ষ, জবাবদিহি নিশ্চিতে ততটা নন। তাঁরা হয় প্রশ্ন এড়ান, নয়তো ১৫ বছর আগে ক্ষমতা থেকে চলে যাওয়া অন্য একটি দল কী করেছে, সেই বিষয়ে বিশদ আলোচনায় জড়ান।
করোনা দেশের মধ্যবিত্ত শ্রেণির একটা বড় অংশকে যে দারিদ্র্যসীমার নিচে নামিয়ে নিয়ে এসেছে, তার প্রমাণ ঢাকাসহ সারা দেশে টিসিবির ন্যায্যমূল্যের পণ্যের ট্রাকের পেছনের লাইন। এসব লাইনে এমন অনেক মানুষ আছেন, যাঁরা কিছুদিন আগেই মধ্যবিত্ত ছিলেন। ‘সন্তানের লজ্জা, তাই মা দাঁড়িয়েছেন সাশ্রয়ী পণ্যের জন্য’ শিরোনামের এক প্রতিবেদন প্রথম আলো দেখিয়েছিল সামর্থ্যবান একটি পরিবারের দরিদ্র হয়ে পড়ার কাহিনি। ‘লজ্জার মাথা খেয়ে’ কিছু টাকা বাঁচানোর জন্য টিসিবির ট্রাকের পেছনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো এমন পরিবার ভূরি ভূরি। এ নিয়ে সংবাদমাধ্যমগুলোতে প্রায় আমরা প্রতিবেদন প্রকাশ হতে দেখি। নিজেও এমন ট্রাকের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি অনেক মানুষ, যাঁদের চেহারা এবং বেশভূষায় মধ্যবিত্তের ছাপ স্পষ্ট। করোনার কারণে হঠাৎ দারিদ্র্যের কবলে পড়া এসব মানুষের অসহায়ত্বের কথা পৌঁছতে পারে না উঁচুতলার এই মানুষগুলোর কাছে।
শুধু করোনার সময়েই নয়, করোনার আগেও দেশের খাদ্যনিরাপত্তা ছিল ভীষণই নাজুক। করোনার আগে ২০১৯ সালের নভেম্বর-ডিসেম্বরে করা এক সমীক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছিল, শহরের ৮ শতাংশ দরিদ্র পরিবার না খেয়ে ঘুমাতে যায়, ১২ শতাংশের ঘরে খাবার নেই, ২১ শতাংশেরও বেশি দরিদ্র পরিবারে পর্যাপ্ত খাবার নেই, আর সারা দিনে একবেলাও খেতে পায় না প্রায় ৩ শতাংশ শহুরে দরিদ্র পরিবার। অর্থাৎ ঢাকা শহরে অন্তত ৬ লাখ মানুষ দিনে একবেলা খাবার না খেয়ে, আর অন্তত ১৬ লাখ মানুষ রাতে না খেয়ে ঘুমাতে যায়। করোনার আগেই যদি হয় এই পরিস্থিতি, তাহলে বর্তমানে পরিস্থিতি বুঝতে খুব কষ্ট হওয়ার কথা না।
এই দেশের মানুষ ক্ষুধার প্রকটতা বুঝতে মিডিয়ায় চোখ বুলানোই যথেষ্ট। তথ্যমন্ত্রী হয়েও তাঁর চোখে মিডিয়ার এসব সংবাদ হয়তো আদৌ পড়ে না। তথাকথিত উন্নয়নের মহাসড়কে তীব্রবেগে ধাবমান বাংলাদেশের নাগরিকদের ক্ষুধা সইতে না পেরে আত্মহত্যার সংবাদে দেশের মূলধারার পত্রিকা এবং নিউজ পোর্টাল সয়লাব হয়ে আছে। ২০২০ আর ২০২১ সালের কিছু শিরোনাম- ‘ঘরে খাবারের কষ্ট, ফ্রিল্যান্সারের আত্মহত্যা’; ‘শিশুর আত্মহত্যা খাবারের অভাবে’; ‘খাবার না পেয়ে বগুড়ায় বৃদ্ধ, সিরাজগঞ্জে শিশুর আত্মহত্যা’; ‘অভাব সইতে না পেরে দিনমজুরের আত্মহত্যা’; ‘দিরাইয়ে অভাবের কারণে ৬ সন্তানের মায়ের আত্মহত্যা’; ‘খাবারের অভাবে গলায় ফাঁস দিলেন হোটেলশ্রমিক’; ‘অভাবে ঝগড়া, কাঁঠাল গাছে ফাঁস দিলেন বৃদ্ধ’; ‘বেলকুচিতে খাবারের অভাবে কিশোরীর আত্মহত্যা’; ‘ধুনটে ঘরে খাবার না থাকায় বৃদ্ধার আত্মহত্যা’; ‘চট্টগ্রামে লকডাউনে অভাবের সংসার থেকে বিষপানে বিদায় গৃহবধূর’। এ খবরগুলো কোনো বিচ্ছিন্ন খবর নয়। নিয়মিত বিরতিতেই আসে এই ধরনের খবর। ঠিক কোন অবস্থায় গেলে একজন মানুষ খাবারের অভাবে আত্মহত্যা করে, সেটি বোঝা খুব কঠিন কিছু নয়।
এমন বাংলাদেশে দাঁড়িয়ে মন্ত্রী কী করে বলেন মোটা চাল গরু খায়? কেজিতে কিছু টাকা কম পাওয়ার জন্য যে মানুষ ওএমএস–এর লাইনে যে দীর্ঘ সময় দাঁড়ায়, সেটা কি গরুর জন্য চাল কিনতে?






