চলচ্চিত্রের অভিনয়শিল্পী ববিতার একমাত্র ছেলে অনিক থাকেন কানাডায়। গেল বছরের ডিসেম্বরে দুই সপ্তাহের জন্য ঢাকায় এসেছিলেন। বন্ধুরাসহ মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন কক্সবাজারেও। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কানাডায় থাকা ছেলেকে নিয়ে ভীষণ চিন্তার মধ্যে আছেন ববিতা। বললেন, ‘মনটা মোটেও ভালো নেই। যতই দিন যাচ্ছে, উদ্বেগ–উৎকণ্ঠা বাড়ছে। কী এমন দুর্যোগ পৃথিবীতে এল, ইচ্ছা করলেও ছেলের সঙ্গে দেখা করতে যেতে পারছি না, আবার চাইলে ছেলেও এই মুহূর্তে আমার কাছে আসতে পারছে না।’
প্রথম আলোয় গতকাল পর্যন্ত প্রকাশিত খবরের তথ্যমতে, কানাডায় এখন পর্যন্ত প্রায় ২৫০ জন আক্রান্ত করোনাভাইরাসে। ফেব্রুয়ারিতে চীন থেকে আসা এক দম্পতির মাধ্যমে এটা ছড়ায়। অন্টারিও প্রদেশ আর ব্রিটিশ কলম্বিয়ায় প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুই সপ্তাহের জন্য নিজেকে কটেজ কোয়ারেন্টিনে রেখেছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। কটেজে থেকেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে তিনি দেশ পরিচালনা করছেন। কয়েক দিন আগে তাঁর স্ত্রী সোফি ট্রুডো যুক্তরাজ্য সফর শেষে ফিরেই অসুস্থ বোধ করছিলেন। টেস্টে সোফির দেহে করোনাভাইরাসের কোভিড-১৯ রোগ ধরা পড়ে।






