টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক প্রযুক্তি দুনিয়ায় ইতিমধ্যে ‘বাকপটু’ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। তর্ক-বিতর্কের ধার না ধরে নিজের মতামত জানাতে তিনি কখনো পিছপা হন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যখন করোনাভাইরাসকে বিশ্বজুড়ে মহামারি হিসেবে ঘোষণা দিল, তখন এ নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেন। এক সপ্তাহ আগে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়া বোকামি বলে টুইট করেছিলেন, তা সমালোচিতও হয়েছেন। এবারে তিনি করোনাভাইরাসের ওষুধের সন্ধান পাওয়ার কথা বললেন।
এক টুইটে ইলন মাস্ক বলেন, তাঁর কাছে মনে হয়েছে, এমন একটি ওষুধ রয়েছে, যা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে। টুইটারে ওই দাবির পরিপ্রেক্ষিতে একটি গবেষণাপত্রকে উদ্ধৃতও করেছেন তিনি।






