রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনের সড়কের দুই পাশের রেস্তোরাঁগুলো ভরদুপুরে বেশ ব্যস্ত থাকে। বিপণিবিতানগুলোতে আসা দর্শনার্থী থেকে শুরু করে দোকানের কর্মীদের অনেকেই এসব রেস্তোরাঁয় দুপুরের খাবার খান। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের আরোপ করা বিধিনিষেধের কারণে বিপণিবিতানগুলো বন্ধ। তা ছাড়া সাধারণ মানুষের চলাচলও সীমিত। ফলে ওই সড়কের কোনো রেস্তোরাঁতেই ভিড় নেই। সড়কটিতে অন্তত ১০টি রেস্তোরাঁ থাকলেও খোলা মাত্র চারটি।
বসুন্ধরার পেছনের ফটকের বিপরীতে একসঙ্গে চার-পাঁচটি ছোট রেস্তোরাঁ। তার মধ্যে একটির কোনো সাইনবোর্ডও নেই। মালিক রফিকুল ইসলাম নামের একজন। তবে রেস্তোরাঁটি চালান জসিম উদ্দিন নামের এক তরুণ। জসিমের দোকান নামেই এটি বেশি পরিচিত। ১২-১৩ বছর ধরে তিনি রেস্তোরাঁটিতে কাজ করছেন।






