এভারেস্টে ‘ট্রাফিক জ্যাম’

এভারেস্ট জয় করার আশায় পর্বতারোহীদের সারি দীর্ঘ হচ্ছে। এমনকি সেখানে তৈরি হচ্ছে ‘ট্রাফিক জ্যাম’। বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ায় পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে আরোহীদের। সারি বেঁধে পর্বতশৃঙ্গে ওঠার পথে আটকা পড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি মারা যাওয়ার ঘটনাও ঘটছে। ২২ মে এমন ঘটনায় দুজন পর্বতারোহী নিহত হয়েছেন। এতে পর্বতারোহীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতের পর্বতারোহী অঞ্জলি কুলকার্নি (৫৫) গত বুধবার চূড়া থেকে নামার পথে মারা যান বলে নিশ্চিত করেছেন তাঁর ছেলে শান্তনু কুলকার্নি। আট হাজার মিটার ওপরে চূড়ায় ওঠার আগের ‘ক্যাম্প ৪’–এর ওপরে ‘ট্রাফিক জ্যামে’ আটকে পড়েন তিনি।

২২ মে মার্কিন পর্বতারোহী ডোনাল্ড লিন (৫৫) চূড়া থেকে নামার পথে শীর্ষ উচ্চতায় অসুস্থ হয়ে মারা যান। নেপালের পাইওনিয়ার অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড নামের একটি অভিযান পরিচালনা প্রতিষ্ঠান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে।

LEAVE A REPLY