জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ বলিউডে নিজেকে অ্যাকশন এবং নাচের হিরো হিসেবে তুলে ধরেছেন। ‘বাগি’র পর ‘বাগি ২’-তেও চমক দেখান টাইগার। ছবির নায়িকা দিশা পাটানিকে তাঁর বিশেষ বান্ধবী বলা হয় বলিউডে। তাঁদের রসায়নও ভালোই জমেছে ‘বাগি ২’তে। এই জুটি এখন নাকি একসঙ্গেই থাকছেন।
টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ ও ডিএনএ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, জমিয়ে মন দেওয়া-নেওয়া চলছে টাইগার শ্রফ ও দিশা পাটানির। তবে সম্পর্কের কথা কেউই প্রকাশ্যে বলেন না। বলেন, সম্পর্কটা বন্ধুত্বের। একটু বাড়িয়ে বলেন, বিশেষ বন্ধুত্বের। তবে তাঁদের ব্যাখ্যা যা-ই হোক না কেন, তাঁরা যে চুটিয়ে প্রেম করছেন, তা এখন বলিউড পাড়ার ‘টক অব দ্য টাউন’। সম্প্রতি জানা গেল, ‘বাগি ২’-এর দুই তারকা থাকছেন একই ছাদের নিচে। মুম্বাইয়ের বান্দ্রার মাউন্ট মেরি এলাকায় ‘বাস্তু হাইটস’ নামের ভবনের একটি ফ্ল্যাটে থাকছেন টাইগার ও দিশা। ভাড়া নিয়ে থাকছেন তাঁরা। এই ফ্ল্যাটে এক সময় ভাড়া থাকতেন টাইগারের বাবা জ্যাকি শ্রফ। টাইগারের শৈশব কেটেছে ওই ভবনে।






