উড়ুক্কু যান পরীক্ষামূলকভাবে আকাশে উড়িয়েছে

সড়কে গাড়ি চালানোর মতোই আকাশে উড়ুক্কু যান চালানোর কয়েক দশকের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। জাপানের স্কাইড্রাইভ ইনকরপোরেশন উড়ুক্কু গাড়ি তৈরিতে অনেক দিন ধরেই কাজ করছে।

গতকাল শুক্রবার স্কাইড্রাইভ তাদের উড়ুক্কু যান পরীক্ষামূলকভাবে আকাশে উড়িয়েছে। একজন চালক উড়ুক্কু এ যান সফলভাবে চালাতে সক্ষম হয়েছেন। ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্কাইড্রাইভের এক ভিডিওতে দেখা গেছে, হালকা মোটরসাইকেলের মতো দেখতে এ উড়ুক্কু যান। প্রপেলারের সাহায্যে একটি কয়েক ফুট পর্যন্ত ওপরে উঠতে সক্ষম হয়। একজন চালক জাল দিয়ে ঘেরা এলাকার মধ্যে চার মিনিট পর্যন্ত এ উড়ুক্কু যান চালিয়ে দেখান।