দেশে নতুন ধরনের ক্ষমতাকাঠামো গড়ে উঠছে। পুরোনো ক্ষমতাকাঠামো ভেঙে পড়ছে। আগের ক্ষমতাকাঠামোটি ছিল কৃষিভিত্তিক। কিন্তু নতুন ক্ষমতাকাঠামোটি ইজারা ও ভাড়াভিত্তিক। এমনকি কৃষিশ্রমিকেরাও এখন আর আগের মতো অনিয়মিত শ্রমিক নন। তাঁরা এখন দল গঠন করে চুক্তিভিত্তিক কাজ করছেন। এই নতুন নিয়ন্ত্রণকাঠামোটি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠছে।
বাংলা একাডেমিতে চলমান ঢাকা লিট ফেস্টের গতকাল দ্বিতীয় দিনে ‘ডিকোডিং দ্য বাংলাদেশ প্যারাডক্স’ শীর্ষক অধিবেশনে এসব কথা বলেন অর্থনীতিবিদ ও বিআইডিএসের গবেষণা পরিচালক বিনায়ক সেন। অধিবেশনটি সঞ্চালনা করেন প্রকাশনা সংস্থা ইউপিএলের পরিচালক মাহরুখ মহিউদ্দিন।
বিনায়ক সেন বলেন, উন্নয়নের মধ্যে আপাতস্ববিরোধ বা প্যারাডক্সের কথা বলা হয়, এক অর্থে তা সব দেশেই আছে। কারণ, ধনী দেশে গরিব মানুষ আছে—এই উক্তিকে আপাতস্ববিরোধী বা প্যারাডক্স বলা যেতে পারে। কিন্তু স্বাধীনতার পর দেশের যে পাহাড়সম সমস্যা ছিল, তা কাটিয়ে উঠে বাংলাদেশ যে উন্নতি করেছে, সেই পরিপ্রেক্ষিতে এই উন্নয়নকে প্যারাডক্স বলা যায়। তবে এ ক্ষেত্রে সম্ভবত প্রাথমিক সমস্যাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।






