একই সময়ে লাতিন আমেরিকা ও আফ্রিকার কিছু অংশে স্বৈরশাসকদের ক্ষমতায় বসিয়েছিল আমেরিকা। কঙ্গোতে মবুতু সেসের স্বৈরশাসনের কথা মনে করুন। ১৯৬১ সালে সিআইএর মদদে প্যাট্রিস লুমুম্বাকে হত্যা করা হয়েছিল। চিলির খুনে সামরিক জান্তা আউগুস্তো পিনোশের কথা স্মরণ করুন। সেখানে ১৯৭৩ সালে আমেরিকার মদদে বামপন্থী সালভাদর আয়েন্দেকে উৎখাত করা হয়েছিল।
আশির দশকে রোনাল্ড রিগ্যানের আমলে প্রক্সি যুদ্ধের মাধ্যমে মধ্য আমেরিকাকে ছারখার করে দেওয়া হয়েছিল। বামপন্থী সরকারকে উৎখাত করতে কিংবা তাদের আসা ঠেকাতে এটা করা হয়েছিল। সেই ক্ষত এখনো সেখানে শুকায়নি।
১৯৭৯ সাল থেকে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়া যুক্তরাষ্ট্রের বিদেশনীতির মূর্খতা ও নিষ্ঠুরতায় পুড়ছে। আফগান যুদ্ধ শুরু হয়েছিল ৪২ বছর আগে। ১৯৭৯ সালে জিমি কার্টার প্রশাসন সেখানকার সোভিয়েত মদদপুষ্ট সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসলামি জিহাদিদের গোপনে সমর্থন দিয়েছিল। সিআইএর মদদপুষ্ট মুজাহিদিনরা ফাঁদে ফেলে সেখানে সোভিয়েত বাহিনীকে ডেকে আনতে সক্ষম হয়। ফলে, ৪০ বছরের সংঘাত ও রক্তপাতের সর্পিল পথে ঢুকে পড়ে আফগানিস্তান।
১৯৭৯ সালে ইরানে সম্রাট রেজা শাহকে ক্ষমতাচ্যুত করা হলে রিগ্যান প্রশাসন ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেনকে অস্ত্র দেয়। সদ্যোজাত ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে ইরাক। এ রক্তাক্ত অধ্যায় চলে কুয়েতে সাদ্দাম হোসেনের আক্রমণ এবং পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দুটি উপসাগরীয় যুদ্ধ পর্যন্ত।






