অবিশ্বাস্য এক চ্যাম্পিয়নস লিগ!

অ্যানফিল্ডে রূপকথা
প্রতিপক্ষ লিওনেল মেসির বার্সেলোনা, প্রথম লেগে যাদের মাঠে ৩-০ গোলে হেরে এসেছে লিভারপুল, দ্বিতীয় লেগে আবার ছিলেন না দলের দুই ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও রবার্তো ফিরমিনো। কিন্তু সব ফুৎকারে উড়িয়ে দিল লিভারপুল। ৪-০ গোলে উড়িয়ে দিল বার্সাকেও।

মউরায় ম্লান আমস্টারডাম
লিভারপুল যা পারে, টটেনহামও তা কিছু কম পারে নাকি! প্রথম লেগে ১-০ গোলে হার, আমস্টারডামে পরশু ৪৫ মিনিট শেষে ব্যবধান ৩-০। কিন্তু দ্বিতীয়ার্ধে এক লুকাস মউরার হ্যাটট্রিকে ম্লান আয়াক্সের দাপট। তা-ও কী রোমাঞ্চ জাগিয়ে! যোগ করা সময়ের শেষ মিনিটে আমস্টারডামে যেন শ্মশানের স্তব্ধতা।

অ্যাটলেটিকোর ‘শত্রু’ রোনালদো
রিয়াল মাদ্রিদে ৯ বছরে ইউরোপে বারবার কাঁদিয়েছেন, জুভেন্টাসে গিয়েও অ্যাটলেটিকোকে কাঁদালেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেদের মাঠে জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছিল অ্যাটলেটিকো, কিন্তু দ্বিতীয় লেগে রোনালদোর হ্যাটট্রিকে অ্যাটলেটিকো ফিরল খালি হাতেই।

আয়াক্সের শিকার রিয়াল
প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে হার, দ্বিতীয় লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে। সান্তিয়াগো বার্নাব্যু! আয়াক্সের পথচলা শেষ ষোলোতেই শেষ ধরে নেওয়া যাচ্ছিল। অথচ সেখানেই সান্তিয়াগো সোলারির রিয়াল মাদ্রিদকে নিয়ে ছেলেখেলা করল আয়াক্স। ৪-১ গোলের জয়ে উঠল শেষ আটে।

LEAVE A REPLY