মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজগুলোকে নিজ নিজ ব্যবস্থাপনায় অনলাইনে নিয়মিত শ্রেণি পাঠদান চালানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গতকাল রোববার মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী সংসদ টেলিভিশনের প্রচারিত শ্রেণি পাঠদানের সঙ্গে সমন্বয় করে শ্রেণি পাঠদানের রুটিন তৈরি করবে প্রতিষ্ঠানগুলো। রুটিন অনুযায়ী নিয়মিত পাঠদান চলবে।
এসব কার্যক্রম বাস্তবায়নে আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিটরিং করবেন। চলতি সেপ্টেম্বরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের (অধ্যক্ষ ও প্রধান শিক্ষক) নিয়ে অনলাইনে আঞ্চলিক একটি সভা হবে। আর অক্টোবর মাসে দুটি বৈঠক করা হবে।
প্রতিষ্ঠানপ্রধানের সঙ্গে শিক্ষা কর্মকর্তারা বৈঠকে সংসদ টেলিভিশনের প্রচারিত শ্রেণি পাঠদানের সঙ্গে সমন্বয় করে শ্রেণি পাঠদানের রুটিন তৈরি করার বিষয়ে আলোচনা করবেন। সংসদ টেলিভিশনে শিক্ষার্থীরা যাতে অংশ নেয়, সে বিষয়ে আলোচনা করতে হবে। শিক্ষার্থীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করবেন। সম্ভব হলে এ বিষয়ে আলোচনার সময় বিশেষজ্ঞ উপস্থিত রাখার ব্যবস্থা করতে হবে। অনলাইন ক্লাসের সার্বিক কার্যক্রম আলোচনা করবেন। প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা করবেন। এ ছাড়া ল্যাবগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও সচল রাখার বিষয়ে আলোচনা করবেন।
নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক সভার এক সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান তাঁর সহকর্মীদের নিয়ে (অনলাইন সভা/স্বাস্থ্যবিধি মেনে সাক্ষাতে) সভা করে অনলাইন শ্রেণি পাঠদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।






