এলাকা ঘুরে ঘুরে সবজি বিক্রি করেন আল আমিন হোসেন। তাঁর ভ্যানগাড়িতে শীতের আগাম সবজিই বেশি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভ্যানটি ছিল রাজধানীর কল্যাণপুরের গ্রিলের মোড়ে। সবজি ভ্যানের চারপাশে কয়েকজন ক্রেতা। তাঁদের কাছে আল আমিন মাঝারি আকারের একটি ফুলকপির দাম চাইলেন ৫০ টাকা। সাফ বলে দিলেন, ‘এক দাম’। দর–কষাকষি করা যাবে না।
একটা ফুলকপির এত দাম কেন হবে, তা মানতে পারছিলেন না গৃহিণী সুলতানা বেগম। তিনি বললেন, দুই সপ্তাহ আগেও মাঝারি আকারের ফুলকপির দাম ছিল ৩০-৩৫ টাকা। শীতের সবজির দাম এখন কমার কথা। কমার বদলে উল্টো হু হু করে দাম বাড়ছে। কেন বাড়তি দাম নেওয়া হচ্ছে এর কোনো যুক্তি খুঁজে পান না তিনি।
কেন ফুলকপির দাম বেশি, এর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন আল আমিন। বললেন, মিরপুর-১ নম্বরের পাইকারি বাজার থেকে গতকাল সকালে একেকটা ফুলকপি ৪২ টাকা করে কিনেছেন তিনি। এখন ৫০ টাকার নিচে বিক্রি করলে তাঁর পোষাবে না।






