গ্রামের সাড়ে ১৫ লাখ তরুণ-তরুণী কাজ খুঁজছেন। তাঁরা সপ্তাহে এক দিনও মজুরির বিনিময়ে কাজের সুযোগ পান না। কাজ না পেয়ে এসব তরুণ-তরুণী গ্রামে অনেকটা বেকার বসে আছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এই চিত্র ওঠে এসেছে।
জরিপের ফলাফল বলছে, গ্রাম এলাকার ১৫ লাখ ৪৫ হাজার ৯৩ জন তরুণ-তরুণী কাজ খুঁজেও পাননি। এর বাইরে কোনোভাবে কাজের মধ্যে নেই—এমন মানুষের সংখ্যা ৬২ লাখ ১৫ হাজার, যাঁদের বেশির ভাগ তরুণ-তরুণী। তাঁরা কাজপ্রত্যাশী নন, আবার পড়াশোনা কিংবা প্রশিক্ষণও নেই। সব মিলিয়ে কাজের মধ্যে নেই গ্রামাঞ্চলের সাড়ে ৭৭ লাখ তরুণ-তরুণী।
গ্রামে কত মানুষ কাজ করেন, সেদিকে আসা যাক। সপ্তাহে অন্তত এক দিন কাজের সুযোগ পেয়েছেন ৪ কোটি ৭০ লাখ মানুষ। গ্রামেই তাঁদের কর্মসংস্থান হয়েছে। কেউবা খেতে-খামারে, কেউবা মিল-কারখানা, কেউ ছোটখাটো কাজ করছেন।






