মন বসে না পড়ার টেবিলে। কথাটি খুব জনপ্রিয়। আসলেই যখন কোনো কিছুতে মন বসানো কঠিন হয়ে যায়, নিজের ওপর বিরক্তি লাগে। দেখা গেল এমন একটা কাজ হাতে এসেছে, সেটা দ্রুত শেষ করতে হবে। কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছেন না। মাইক্রোসফটের এক গবেষণায় বলা হয়, মানুষের মনোযোগ কোনো কিছুতে ৮ সেকেন্ড স্থির থাকে। কিন্তু এই স্থিরতার মাত্রা বাড়ানো যায়।
অনেকে মনোযোগ বাড়ানোর জন্য নির্জন কোনো জায়গায় চলে যান। সেটি ভালো অভ্যাস। বিপত্তিটা ঘটে, যখন সঙ্গে থাকে মোবাইল ফোন বা ল্যাপটপ। পুরো দুনিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে মনোযোগ বাড়ানোর কাজটি করা বাস্তবসম্মত হয়। তাই আপনার সাধ্যের মধ্যে যে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে শুরুটা করে দিতে পারেন। এ বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার বলেন, যখন যে কাজটি করবেন, সব ভাবনা–চিন্তার মূলে তখন সেই কাজকে প্রাধান্য দেবেন। কেন কাজটি করা দরকার, সেটি ভাববেন। কিন্তু মনের ওপর চাপ সৃষ্টি করবেন না। বারবার যদি মনে করতে থাকেন, মনোযোগ নেই, সেটি করবেন না। দরকার হলে ব্যায়াম করুন। শুরুতে ১৫ মিনিট, এরপর ধীরে ধীরে সেই সময় বাড়ান। মেডিটেশন করতে পারেন।
১. প্রযুক্তিকে দূরে সরিয়ে
এ সময়ে এটি সবচেয়ে কঠিন কাজ বলে মনে করেন মনোবিজ্ঞানীরা। কিন্তু কেউ যদি এই চেষ্টা একবার করতে পারেন, তাহলে খুব ভালো হয়। এক দিনে সম্ভব নয়, তাই সপ্তাহখানেক হাতে সময় নিয়ে এটি করে ফেলতে হবে। মানুষ চাইলে সব সম্ভব—এই বিশ্বাস মনে রাখলে দেখবেন সত্যিই পেরেছেন।






