সারিকার সঙ্গে চিত্রনায়ক ইমন প্রেম করছেন—এমনটা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। আবার কেউ বলছেন, তাঁরা বিয়ে করতে যাচ্ছেন। শিগগিরই তাঁরা নতুন সংসার শুরু করবেন। ইমনের বর্তমান সংসার ভেঙে যাচ্ছে। সারিকাকে ঘিরে স্ত্রীর সঙ্গে ইমনের মনোমালিন্য এখন চরম পর্যায়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছোট পর্দার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন গত কয়েক দিন ইমন আর সারিকার প্রেম ও বিয়ে নিয়ে কথা বলেছেন। যাঁদের নিয়ে এসব কথা রটেছে, তাঁদের একজন ইমন। তাঁকে পাওয়া গেলেও সারিকার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। খবরটি উড়িয়ে দিয়ে ইমন বলেন, ‘প্রশ্নই আসে না। কারা এসব রটাচ্ছে!’
সারিকার সঙ্গে কয়েক বছর আগেও ইমনের প্রেম নিয়ে কথা শোনা যায়। তখন তাঁরা দুজন বিষয়টি অস্বীকার করেন। পরে ২০১৪ সালের ১২ আগস্ট অবশ্য প্রেম করে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন সারিকা। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। তবে বনিবনা না হওয়ায় দুই বছর আগে সারিকা ও মাহিমের বিবাহবিচ্ছেদ ঘটে।






