এক বছরে আসিফের ১০৬ গান

সংগীতাঙ্গনে একটা কথা কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে—গানের সংখ্যা কমে যাচ্ছে। অ্যালবাম প্রকাশ তো এখন একেবারে নেই বললেই চলে। সবাই একক গান প্রকাশের দিকে বেশি ঝুঁকছেন। সেখানে যেন একেবারে উল্টো স্রোতে হেঁটে চলছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। মামলা-মেকাদ্দমা, হাজতবাস শেষেও বছরজুড়ে গানে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন তিনি। নির্দিষ্ট সময় পর পর গান প্রকাশ করে গেছেন। বছর শেষে জানা গেল, আসিফের গাওয়া গানের সংখ্যা এক শ ছাড়িয়েছে। গায়ক আসিফ অবশ্য বছর শুরুর দিকে কথা দিয়েছিলেন, বছর শেষে যে করেই হোক এক শ গান গাইবেন।

বছরের শুরু থেকে গানে সরব হলেও, জুন মাসে ছন্দপতন ঘটে। মামলার কারণে কারাগারে যেতে হয় আসিফকে। সবকিছুর পরও গান নিয়ে তিনি এগিয়ে গেছেন। আসিফের হিসাব মতে, বছর শেষে ১০৬ টি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তবে, আসিফের গাওয়া ১০৬ টি গানের মধ্যে ৬০ টি মুক্তি পেয়েছে। প্রতিষ্ঠানগুলো বাকি গান তাদের সুবিধামতো সময়ে মুক্তি দেবেন বলে জানান। তিনি বলেন, ‘আমার কাজ হচ্ছে গান গাওয়া। কবে, কখন, কীভাবে মুক্তি দেবেন তা প্রযোজনা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত।’

LEAVE A REPLY