প্রযুক্তি জগতের সবচেয়ে আলোচিত মুখ ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ গবেষণা, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা মানুষের মস্তিষ্কে চিপ বসানোর প্রকল্প—একটির পর আরেকটি বিস্ময় দিয়ে তিনি বিশ্বকে নাড়িয়ে দেন। এবার তার নতুন পরীক্ষা একটি অনলাইন বিশ্বকোষ। যার নাম গ্রকিপিডিয়া। নাম শুনলেই বোঝা যায়, এটি এসেছে তার তৈরি এআই চ্যাটবট ‘Grok’ থেকে। কিন্তু প্ল্যাটফর্মটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই জন্ম নিয়েছে প্রশ্ন, বিতর্ক এবং সংশয়।গ্রকিপিডিয়া দেখতে অনেকটাই উইকিপিডিয়ার মতো—বড় বড় নিবন্ধ, রেফারেন্স, তথ্যভান্ডার। কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায়, এটি সম্পূর্ণ ভিন্ন একটি ধারণা। এখানে কোনো মানব লেখক নেই। নেই স্বেচ্ছাসেবী সম্পাদকদের দল। পুরো বিশ্বকোষটি তৈরি, সম্পাদনা এবং যাচাই করছে শুধু একটি এআই—xAI কোম্পানির তৈরি Grok। মাস্ক দাবি করছেন, মানুষের পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি এড়িয়ে আরো নিরপেক্ষ তথ্য সরবরাহ করবে তার এআই বিশ্বকোষ।






