অক্টোবর মাসে গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ১৭ শতাংশ

চলতি অর্থবছরের (২০২৫-২৬) অক্টোবরে এসে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। সরকারি হিসাব অনুযায়ী অক্টোবর মাসে গড় মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ১৭ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।

বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মাসিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বিবিএসের তথ্যমতে, ২০২৪ সালের একই সময়ে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ বছরের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে প্রায় ২ দশমিক ৭ শতাংশ।

অক্টোবরে খাদ্যপণ্যের দাম কিছুটা কমে মূল্যস্ফীতির চাপ কমেছে। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়ায় ৭ দশমিক ০৮ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যে ব্যয় বেড়েছে। সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ, যা অক্টোবরে বেড়ে হয় ৯ দশমিক ১৩ শতাংশ।