উয়েফা সুপার কাপ পিএসজির

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কেন ইউরোপ সেরা দল সেটা আরেকবার দেখা গেল উয়েফা সুপার কাপের মঞ্চে। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ ১০ মিনিটে দুই গোল করে ২-২ সমতার পর ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে বাজিমাত করে ইংলিশ দলটির স্বপ্ন ভেঙে সুপার কাপ জিতল ফরাসি চ্যাম্পিয়নরা।ইতালির উদিনেসে দুই ডিফেন্ডার মিকি ফন দে ফেন ও ক্রিস্তিয়ান রোমেরোর গোলে ম্যাচের প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় টটেনহ্যাম। পিএসজির দুই গোল করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা দুই খেলোয়াড় লি কাং-ইন ও গনজালো রামোস।

পেনাল্টি শুটআউটে পিএসজির প্রথম শট ভিতিনিয়া পোস্টে মারলেও, জালের দেখা পান তাদের পরের চার জন। টটেনহ্যামের মিকি ফন দে ফেনের শট ঠেকান পিএসজির নতুন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে, বাইরে মারেন মাথিয়াস তেল।