হার এড়াতে লড়ছে ভারত

পিছিয়ে ৩১১ রানে, ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই নেই দুই উইকেট! ম্যানচেস্টার টেস্টে ভারতের ইনিংস ব্যবধানে হার তখন সময়ের ব্যাপার। তবে সেটা হতে দিলেন না অধিনায়ক শুভমান গিল ও ওপেনিংয়ে নামা লোকেশ রাহুল। শূন্য রানে যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনের বিদায়ের পর দুজনের ১৭৪ রানের অপরাজিত জুটিতে হার এড়াতে লড়ছে ভারত। চতুর্থ দিন শেষে ৬৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছে শুভমানের দল। এখনো পিছিয়ে ১৩৭ রানে। উইকেটে আছেন গিল (৭৮*) ও রাহুল (৮৭*)।ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬৬৯ রানের জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে কোনো রান না তুলতেই ২ উইকেট হারায় ভারত। লাঞ্চে যাওয়ার আগে স্কোরবোর্ডে মাত্র ১ রান তুলতে পারে অতিথিরা। ক্রিস ওকসের তোপে শূন্য রানে বিদায় নেন যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন। এরপর হাল ধরেন গিল ও রাহুল। দারুণ জুটিতে দুজন মিলে দলকে দেড়শ রানের ঘর পার করান। তুলে নেন ফিফটি।