আইফোন ১৬ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার নিয়েও নানা গুঞ্জন উঠেছে

প্রতিবছরই সেপ্টেম্বর মাসে নতুন মডেলের আইফোন আনার ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। এ বছরও সেপ্টেম্বর মাসে আইফোন ১৬ সিরিজ উন্মুক্ত করতে পারে অ্যাপল। কিন্তু নতুন মডেলের আইফোন আনার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো জানায়নি অ্যাপল। ফলে প্রযুক্তিবিশ্বে চলছে তুমুল জল্পনা-কল্পনা। শুধু তা–ই নয়, আইফোন ১৬ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার নিয়েও নানা গুঞ্জন উঠেছে প্রযুক্তি বিশ্বে।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলসহ বেশির ভাগ সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর নতুন আইফোন উন্মুক্ত করা হবে। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানও এক প্রতিবেদনে জানিয়েছেন, ১০ সেপ্টেম্বরই নতুন মডেলের আইফোন আনার ঘোষণা দেবে অ্যাপল। একই অনুষ্ঠানে আইফোনের পাশাপাশি অ্যাপল ওয়াচ ও এয়ারপডসের নতুন সংস্করণও আনা হবে। অ্যাপলের কার্যক্রম নিয়ে মার্ক গুরম্যানের ধারণা এর আগে প্রায় মিলে যাওয়ায় এবারও তাঁর কথাকে বেশ গুরুত্ব দিচ্ছেন আইফোনপ্রেমীরা।