সরকারের অপচয় হচ্ছে অন্তত ২৩ কোটি টাকা

ভুল ও অসংগতি নিয়ে বিতর্কের মুখে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বইয়ের পাঠদান প্রত্যাহারের কারণে ৭৮ লাখের বেশি বই নষ্ট হচ্ছে। আর এ কারণে সরকারের অপচয় হচ্ছে অন্তত ২৩ কোটি টাকা। নতুন শিক্ষাক্রমের কয়েকটি বই নিয়ে বিতর্কের মুখে ১০ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি দিনে আকস্মিকভাবে এ বছরের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ বই দুটি প্রত্যাহারের ঘোষণা দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এখন জানা যাচ্ছে, মোট বইয়ের সংখ্যা ও খরচের তথ্য। বইগুলো যেহেতু পড়ানো হবে না এবং শিক্ষার্থীদের কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে, সে জন্য এগুলোকে নষ্ট বলা হচ্ছে।

অন্যদিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুশীলনী পাঠ’ এবং ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ বইয়ের কিছু অধ্যায় সংশোধনের কাজ চলছে। যেসব বিষয় সংশোধন হচ্ছে তার কিছু কিছু বিষয় ঠিকও করা হয়েছে। তবে প্রথমে সিদ্ধান্ত ছিল শিগগিরই সংশোধনীগুলো চূড়ান্ত করে তা শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।